Main Menu

কাবুলে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কাবুল শহরের পশ্চিমে দাশত-ই বারচি এলাকায় একটি শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

শিক্ষা কেন্দ্রটির কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে অধ্যয়ন করছিল।

কাবুলের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে। তিনি বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রবেশিকা পরীক্ষা চলছিল।

হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের এক সূত্রে জানা গেছে, হামলায় ২৩ জন নিহত হয়েছেন।

তালেবানের আরেক সূত্রে জানা গেছে, ৩৩ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারীরাও রয়েছেন বলে জানান তিনি। পশ্চিম কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে ২০২০ সালে বোমা হামলায় ২৪ জন নিহত হন।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর গতবছর আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে তালেবান। টানা ২০ বছর ধরে যুদ্ধের কারণে বহু বেসামরিক লোকের প্রাণ গেছে দেশটিতে। তালেবান ক্ষমতায় বসলেও এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মেলেনি। ফলে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দেশটি।
তালেবান সরকার গঠন করার পর দেশটিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর আগের কয়েকটি হামলার দায় স্বীকার করে আইএস-খোরাসান শাখা। যদিও তালেবান সরকার বলছে, দেশে স্থিতিশীল পরিবেশ তৈরিতে কাজ করছে তারা। সূত্র: রয়টার্স, বিবিসি

 

Share





Related News

Comments are Closed