গণতন্ত্রের বিজয়ের চূড়ান্ত আন্দোলন সিলেট থেকে সুচনা হবে : মির্জা আব্বাস
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে আজ মানুষের ভোটের অধিকার নেই। আমরা দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা আওয়ামী লীগ সরকারকে হটাতে চাই।
তিনি বলেন বিএনপির ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনতার জোয়ার দেখে ফ্যাসিস্ট সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা এখন বিদেশে গিয়ে ক্ষমতায় ঠিকে থাকার জন্য ধর্না দিচ্ছে। আমাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে গুলীবর্ষণ করে ৩ জন ভাইকে শহীদ করা হয়েছে। যুদ্ধে ব্যবহৃত চায়নিজ স্নাইপার রাইফেল দিয়ে নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যা করা হয়েছে। এর সকল জবাব কড়ায় গন্ডায় দিতে হবে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে সিলেট জেলা যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
তিনি বলেন, সিলেট হচ্ছে গুনীজনের স্মৃতি বিজড়িত পূণ্যভুমি। এই মাটির উন্নয়ন করেছেন, নেতৃত্ব দিয়েছেন মরহুম রিয়াল এডমিরাল মাহবুব আলী খান, মরহুম এম সাইফুর রহমান, গুম নামক কারাগারে আটক জননেতা এম ইলিয়াস আলী। তাই যুবদলের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃতে¦র হাত ধরে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সিলেট থেকে আন্দোলনের নবযুগের সুচনা হবে। সিলেট থেকে সুচিত আন্দোলনেই ফ্যাসিস্ট সরকারের পতন হবে।
মির্জা আব্বাস বলেন, দেশের টাকা চুরি করে কোথাকার কোন আজিজ খান সিঙ্গাপুরের ৪২তম ধনী হয়, আর এদিকে দরিদ্র হয় দেশের মানুষ। বাংলাদেশ ব্যাংক থেকে ৮ হাজার কোটি টাকা পাচার হয়ে গেল, তার কোনো খোঁজ নাই। এভাবে নির্বাচনের আগে এই সরকার সবকিছু শেষ করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে।
তিনি বলেন, ৪০ বছর পর যদি শেখ মুজিব হত্যার বিচার হয়, তাহলে আরও ৪০ বছর পরে হলেও আগামী প্রজন্ম আওয়ামী লীগের চুরি-ডাকাতিরও বিচার করবে।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ অতিথিবৃন্দ। এরপর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাকশাল থেকে যে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল দেশের মানুষ সেই বাংলাদেশে ফিরে যেতে চায়। তিনি নেতাকর্মীদের প্রতি সিলেটের মাটি থেকেই সরকার পতনের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনের একপর্যায়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান।
সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে, আহবায়ক কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ, সদস্য মিজানুর রহমান নেছার ও লিটন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।
সম্মেলনে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।
সম্মেলনের প্রথম অধিবেশনে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে, সম্মেলন ঘিরে যুবদল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। শনিবার সকাল থেকেই শত শত নেতা-কর্মী মিছিল সহকারে সম্মেলনস্থলে এসে হাজির হন। নেতা-কর্মীদের মিছিল, স্লোগানে সম্মেলনস্থলে উৎসবের আবহ বিরাজ করে। বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতা-কর্মীরা। তাদের মুখে সরকারবিরোধী স্লোগানও শোনা যায়।
সম্মেলনস্থল রেজিস্টারি মাঠে বড় আকারের প্যান্ডেল বসানো হয়। মাঠের চারপাশজুড়ে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড লাগানো হয়েছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের বড় বড় ছবিও শোভা পেয়েছে মঞ্চ ও স্টেজ জুড়ে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed