Main Menu

সিলেটে ওমান প্রবাসীর স্ত্রী খুন, শিশু সন্তান উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বালুচরে ওমান প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন। বাইরে থেকে তালাবদ্ধ বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে বালুচর ফোকাস-৩৬৪ নম্বর বাসার তালা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়। এসময় ঘরের ভেতর থেকে ওই নারীর প্রায় দুই বছর বয়সী এক শিশু সন্তানকে (মেয়ে) জীবিত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহত আফিয়া বেগমের (৩১) বাড়ি গোয়াইনঘাট উপজেলায়। তার বাবার নাম আজির উদ্দিন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ফোকাস-৩৬৪ সিকান্দর মহলের পাঁচতলা বাসার নিচতলায় মেয়েকে নিয়ে থাকতেন ওমান প্রবাসীর স্ত্রী আফিয়া বেগম। মঙ্গলবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাসার অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয়। এসময় বাসার দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে খাটের উপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, লাশ উদ্ধারের সময় তারা ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ২-৩ দিন আগে ওই নারীকে খুন করে থাকতে পারে।

বাসার ভেতর থেকে আফিয়া বেগমের দুই বছরের মেয়েকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বাহির থেকে তালা দেয়া দেখতে পাই। তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে খাটের উপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই পড়েছিল তার শিশু সন্তান। কাছে গিয়ে দেখতে পাই শিশুটি নিঃশ্বাস নিচ্ছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে পাঠিয়েছি। বাচ্চাটি এখনো জীবিত রয়েছে।

বাসার বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, প্রায় দুই বছর আগে বাসা ভাড়া নিয়ে ওই নারী বসবাস করে আসছিলেন। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুই-তিনদিন আগে ওই নারীকে হত্যা করেছে। তার হাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখা গেছে।কিন্তু মরদেহ গলে গিয়ে ফুলে বিভৎস আকার ধারণ করেছে। ওই অবস্থায় শিশুটি না খেয়ে অচেতন অবস্থায় পড়েছিল।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হা্সপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে বাসায় চুরি-ডাকাতির কোনো আলামত মেলেনি। তাছাড়া ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তাও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি।ঘটনা কারন উদঘাটনে কাজ করছে পুলিশ।

Share





Related News

Comments are Closed