Main Menu

প্রশাসনের আশ্বাসে ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের কর্মবিরতি ও ধর্মঘট স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেলের দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ডাকা ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

সোমবার (১ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অমিত হাসান সানি। তিনি বলেন, ‘প্রশাসন ইতিমধ্যে হামলার দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারেও আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া কলেজ প্রশাসন থেকে এই ঘটনায় মামলা দায়ের ও শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

‘আমরা তাদের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত স্থগিত রেখেছি। তবে এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবার আমরা আন্দোলনে নামব।’

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘ইতিমধ্যে আমরা হামলায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছি। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। তাছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’

হামলার ঘটনায় আটককৃতরা হলেন- নগরীর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্সিপাড়ার মৃত রানা আহমদের পুত্র মো. মাহিদ হাসান রাব্বী (২৭) ও কাজলশাহ এলাকার আব্দুল হান্নানের পুত্র মো. এহসান আহমদ (২২)।

প্রসঙ্গত, গত রোববার (৩১ জুলাই) হাসপাতালে ভর্তি থাকা এক রোগির স্বজনরা কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের সাথে দুর্ব্যবহার করেন। এরপর দুর্ব্যবহারকারী দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার জেরে সোমবার রাতে বহিরাগতরা দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

হামলায় আহতরা হলেন- মেডিকেল কলেজের শিক্ষার্থী রুদ্র নাথ ও নাইমুর রহমান ইমন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার প্রতিবাদে সোমবার রাত ১০টার দিকে হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। তারা বহিরাগত হামলাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সেবা বন্ধ রাখার ঘোষণা দেন। ধর্মঘটের ডাক দিয়েছিলেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এরআগে সোমবার রাত ৮ টায় কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে বহিরাগতরা কয়েকজন শিক্ষার্থীদের মারধর করেন। এতে দুজন গুরুতর আহত হন।

Share





Related News

Comments are Closed