Main Menu

ওসমানী মেডিকেলের দুই শিক্ষার্থির উপর হামলা, সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া কলেজের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পরেছে।

সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ রেখে রাস্তায় নেমেছেন। তারা বহিরাগত হামলাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

হামলায় আহতরা হলেন- মেডিকেল কলেজের শিক্ষার্থী রুদ্র নাথ ও নাইমুর রহমান ইমন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ইন্টার্নী নারী চিকিৎসককে উত্যক্ত করার জেরে মেডিক্যালের দুই ছাত্রের উপর বহিরাগত সন্ত্রাসীরা হামলা করে। এরই জের ধরে সড়ক অবরোধ করা হয়।

ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, রোববার (৩১ জুলাই) হাসপাতালে ভর্তি থাকা এক রোগির স্বজনরা কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের সাথে দুর্ব্যবহার করেন। এরপর দুর্ব্যবহারকারী দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার জেরে আজ রাতে বহিরাগতরা দুই শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

বিক্ষোভকারী শিক্ষার্থী শাহ অসিম ক্যানেডি বলেন, রোববার এক ইন্টার্ন চিকিৎসকের সাথে রোগীর দুজন স্বজন খারাপ ব্যবহার করেন। আমরা তাদের পুলিশের হাতে তুলে দেই।

তিনি বলেন, এ ঘটনার জেরে আজ রাত ৮ টায় কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে বহিরাগতরা আমাদের কয়েকজন শিক্ষার্থীদের মারধর করেন। এতে দুজন গুরুতর আহত হন।

তিনি বলেন, আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই আজ আমরা রাস্তায় নেমেছি। এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না।

ওসমানী মেডিকেল কলেজ শাশার ছাত্ররীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, একজন ইন্টার্নী নারী চিকিৎসককে উত্যক্ত করার জেরে বহিরাগতরা দুইজন শিক্ষার্থিকে কুপিয়ে আহত করেছে। এঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে। শিক্ষার্থিদের অভিযোগ স্থানীয় সাবেক একজন কাউন্সিলরের ভাতিজা এ হামলার সাথে জড়িত বলে জানান তিনি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মুন্তাকিম চৌধুরী বলেন, এই ঘটনার প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। হামলাকারীদের গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত আমরা কাজে যোগ দেবো না।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী বলেন আমরা ঘটনাস্থলে আছি। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।

এদিকে, মেডিকেলের শিক্ষার্থিরা হাপাতালের সকল গেট বন্ধ করে রাখায় হাসপাতালে কোনো রোগি প্রবেশ করতে পারছে না। ফলে বিপাকে পড়েছেন রোগীরা।

রাত সাড়ে ১১ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফটক বন্ধ করে সড়কে অবস্থান করছিলো শিক্ষার্থীরা। ইন্টার্ন চিকিৎসকরাও এতে যোগ দিয়েছেন।

Share





Related News

Comments are Closed