Main Menu

পটুয়াখালীতে এজেন্ট ব্যাংকসহ ১১ দোকানে দুর্ধর্ষ চুরি

গোপাল হালদার, পটুয়াখালী থেকে: পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের অফিসের হাট বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট অফিসসহ ১১টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

চুরি হওয়া ব্যাংকের সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, সোমবার (১ আগষ্ট) ভোররাত পৌনে ৪টার সময় এ ঘটনাটি ঘটে।

অত্র চুরির ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী ব্যবসায়ীগণ।

ডাচবাংলা ব্যাংকের এজেন্ট অফিস সিকদার ট্রেডার্স এর মালিক মোঃ নাসরুল্লাহ সিকদার জানান, “গতকাল রাতে ব্যাংকের গেটে তালা দিয়ে আমরা বাড়িতে যাই। সকালে এসে দেখি ব্যাংকের গেটের তালা ও ক্যাশ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ক্যাশের মধ্যে আটলক্ষ পয়ত্রিশ হাজার টাকা ছিলো। সে টাকাও নিয়ে গেছে চোরেরা!”

আরেক ব্যবসায়ী ইমরান হোসেন জানান, ” গতকাল রাতে আমাদের ফ্রিজের শো-রুম ও ট্রেডার্স এর দোকান বন্ধ করে রেখে গেলে সকালবেলা এসে দেখি এর তালা ভাঙ্গা! আমাদের দোকানের ক্যাশে নগদ দুইলক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল যা নিয়ে গেছে চোরদল। আমাদের এ লোকসান কাটিয়ে ওঠা সত্যিই কষ্টসাধ্য!”

এছাড়াও হাজী ক্লোথ স্টোর থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান দোকানের মালিক জাহিদুল ইসলাম।

এ ঘটনার প্রেক্ষিতে ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বলেন, “এর আগেও আমার ইউনিয়নে বিভিন্ন চুরির ঘটনা ঘটেছে। বিগত দিনে বাজারের নিরাপত্তার জন্য নৈশপ্রহরী রেখেছিলাম, সেই প্রহরীকে বেধে রেখেও এর আগে চুরির ঘটনা ঘটেছে। আজকের এ চুরির ঘটনায় ব্যবসায়ীরা আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন৷ যা অতীব দুঃখজনক! এ ঘটনার মাধ্যমে আমার ইউনিয়নকে নিরাপত্তাদানে প্রশাসনকে আরও কঠোর হওয়ার অনুরোধ জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অত্র ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনার আহবান রইল।”

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed