Main Menu

গোয়াইনঘাটে নৌকাডুবি, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বাল্কহেডের ধাক্কায় ডিঙি নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর আনফর আলীর (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বেলা ২টায় উপজেলার চেঙ্গের খাল নদীর জলুরমুখে ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাঁশঝাড়ের কাছে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত সোমবার বিকেলের দিকে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চেঙেরখাল নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে আনফর আলীর স্ত্রীর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার বিকেলের দিকে গোয়াইনঘাট উপজেলার হাতিরকান্দি গ্রামের আনফর আলী বাদু ও হায়ারুন বেগম তাদের নাতি রুহুল আমিনকে নিয়ে ডিঙি নৌকায় চেপে চেঙ্গের খাল নদী পাড় হচ্ছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি বাল্কহেড তাদের বহনকারী ডিঙি নৌকাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে ওই তিন যাত্রী নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নাতি রুহুল আমীনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও হাওয়ারুন বেগম ও তার স্বামী আনফর আলীর খোঁজ পাননি।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে হাওয়ারুন বেগমের মরদেহ উদ্ধার করেন। আর ঘটনার ৩দিন পর আজ আনফর আলীর মরদেহ উদ্ধার করা হলো।

এ ঘটনায় ৪ জনকে আটকের পাশাপাশি গোয়াইনঘাট থানাপুলিশ বাল্কহেডটি জব্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান- নিখোঁজ আনফর আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed