Main Menu

শাবি ছাত্র বুলবুল হত্যা, ভিসির আশ্বাসে অবরোধ প্রত্যাহার

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী বুলবুল হত্যাকান্ডের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ভিসি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদসহ শাবি প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার দিবাগত রাত পৌণে ১টার দিকে তারা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার তুলে নেন।

এসময় ভিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়াল নির্মাণ, বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সবধরণের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন এবং বুলবুল হত্যাকান্ডের সাথে যে বা যারা জড়িত তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখী দাঁড় করানোর আশ্বাস দেন।

ভিসি ফরিদ উদ্দিন বলেন, যতদ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এভাবে খুন হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। আমরা সবাই ব্যথিত এবং শোকাহত। আপনাদের সব দাবি-দাওয়া পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

এরপর অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানালে শাবি ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুলবুল হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যম্পাস প্রদক্ষিণ করে।

রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তারাও ক্যাম্পাস প্রদক্ষিণ করে। রাত সোয়া ১২টার দিকে তারা সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে।

এরআগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাস এলাকায় বুলবুল আহমদ নামক এক শিক্ষার্থী ছিনতাইকারীর হাতে ছুরিকাহত হন। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। বুলবুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তিনি শাহপরান হলের ২১৮নং কক্ষে থাকতেন। তার বাড়ি নরসিংদী জেলায়।

এঘটনায় সোমবার রাতেই এসএমপির জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed