Main Menu

শাবি শিক্ষার্থী বুলবুল খুনের ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা করেন শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল ইসলাম।

মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এর আগে শিক্ষার্থী খুনের ঘটনায় রাত পৌনে ১২টা পর্যন্ত পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হওয়া মিছিলগুলো ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে রাত পৌনে ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অনুরোধে তারা সড়ক থেকে সরে আসেন।

খুনের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুব দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করা হবে।

প্রসঙ্গত, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় শিক্ষার্থী বুলবুলকে ছুরিকাঘাত করে দুর্বৃক্তরা। পরবর্তীতে রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বুলবুল শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী সদরের চিনিশপুর নন্দিপাড়ার ওহাব মিয়া এবং ইয়াসমিন আক্তার দম্পতির পুত্র।

বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক জানান, সন্ধ্যায় গাজিকালুর টিলায় ছিনতাইকারীরা বুলবুলকে ছুরিকাঘাত করে। সেখান থেকে হাসপাতালে আনা হলে মারা যান বুলবুল।ছুরিকাঘাতকারীরা ছিনতাইকারী হতে পারে বলে ধারনা অমিতের।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয় বুলবুল আহমেদ। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed