Main Menu

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা শেখ গয়াছ মিয়া (৫৫) এর মৃত্যু হয়েছে। নিহত শেখ গয়াছ মিয়া উপজেলার দশঘর ইউনিয়ন আ’লীগের সহ প্রচার সম্পাদক ও বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর ছেলে।

শুক্রবার (৩ জুন) সকালে সিলেট ওসমানী হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

গত শনিবার (২৮ মে) রাতে উপজেলার পীরের বাজার থেকে বাড়ি ফেরার পথে বরুনী গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলার শিকার হন। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। ওই হাসপাতালে প্রায় ৬দিন চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

ওই হামলার ঘটনায় বৃহস্পতিবার (২ জুন) ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন তার ছেলে মাজেদ আহমদ। মামলা নং- (২)। মামলায় অজ্ঞাতনামা রাখা হয়েছে আরও ৫/৮ জনকে। মামলায় প্রধান আসামি করা হয়েছে আরেক আ’লীগ নেতা ও বরুনী গ্রামের মৃত জমির আলীর ছেলে মাসুক মিয়াকে। কিন্তু ওই ঘটনায় দায়ের করা মামলার পরদিন মৃত্যুর কোলে ঢলে পড়েন গয়াছ মিয়া।

মামলার তদন্তকারি কর্মকর্তা বিশ্বনাথ থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবো। আর এই মামলার প্রকৃত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গয়াছ মিয়ার মৃত্যুতে নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed