Main Menu

বিয়ানীবাজারে মন্দিরে নারীর শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের বাসুদেব মন্দিরে জোরপূর্বক প্রবেশ করে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (৩০ মে) দুপুরে সৃষ্ট ঘটনায় আটক মোহাম্মদ আলী আহমদ (২৮) কোরআনে হাফিজ। সে লামা নিদনপুর এলাকার সাইফুল আলম সবুলের পুত্র। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আটক মোহাম্মদ আলী আহমদ দুপুরে বাসুদেব বাড়ি এসে মন্দিরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এসময় তাকে বাধা দিলে মারধর করে মন্দিরের গেইটের চাবি কেড়ে নেয়। সেবায়েতের স্ত্রী মন্দিরের দরজা লাগিয়ে দিয়ে ভেতরে ঢুকতে তাকে বাধা দেন। এ সময় সে ধস্তাধস্তি করে এবং মহিলাকে লাঞ্ছিত করে।

বাসুদেব সেবক সংঘের অন্যতম সদস্য অরুণাভপাল চৌধুরী মোহন বলেন, ওই যুবক বাসুদেব মন্দিরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে মন্দিরের ভেতরে সবকিছু বের করতে বলে। সে ভেতরে প্রবেশ করতে চাইলে সেবায়েত ও তার স্ত্রী বাধা দেন। এসময় সে উত্তেজিত হয়ে উপস্থিত মহিলা ভক্তসহ সবার উপর চড়া হয়। বাধা পেয়ে যাওয়ার সময় মন্দিরের চাবি পুকুরে ফেলে দেয়।

তবে, আটক হাফিজ আলী আহমদের পরিবারের পক্ষ থেকে তাকে মানসিক ভারসাম্যহীন রোগী বলে দাবি করা হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, মন্দিরের ঘটনায় বাসুদেব সেবক সংঘের সাধারণ সম্পাদক দ্রুবপদ ভট্টাচার্য বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ মামলায় আলী আহমদকে গ্রেফতার দেখিয়ে তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed