Main Menu

কোম্পানীগঞ্জে মন্ত্রীর ত্রাণ নিয়ে কাড়াকাড়ি, পুলিশের লাঠিচার্জ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ত্রাণ বিতরণ করে চলে যাওয়ার পরপরই শুরু হয় ত্রাণ নিয়ে কাড়াকাড়ি। এ সময় পুলিশ লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জে এবার পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে করে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

শনিবার (২১ মে) দুপুরে কোম্পানীগঞ্জে ত্রান বিতরন করতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি স্থানীয় থানা বাজারে ত্রাণ বিতরণ শেষে ফিরে আসেন। এরপর ত্রাণ নিয়ে উপস্থিত বন্যার্ত লোকজনের মধ্যে কাড়াকাড়ির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। তবে- কেউ আহত হননি।

স্থানীয়রা জানান- প্রায় ৫০ হাজার লোক পানিবন্দি থাকলেও মন্ত্রী যে ত্রাণ নিয়ে গিয়েছিলেন সেটি ছিলো অপপ্রতুল। মন্ত্রী চলে আসার পর ত্রাণ নিতে আসা মানুষজন কাড়াকাড়ি শুরু করেছিলেন।

জানা যায়, মন্ত্রী দুপুরে থানা বাজার এলাকায় ৩০ জন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। তখন ওখানে ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন কয়েকশ’ মানুষ। মন্ত্রীর পক্ষ থেকে কোম্পানীগঞ্জের ৬টি ইউনিয়নে মাত্র ১৩০টি ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়।

ত্রাণ নিতে আসা মাহফুজ নামের এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, ‘সবার আগে আমার ত্রাণ পাওয়ার কথা, পেলামও। কিন্তু আবার নিয়ে নিলো। শেষ পর্যন্ত আর ত্রাণ পেলাম না। পাওয়ার মধ্যে পেলাম পুলিশের লাঠির আঘাত।’

হুড়োহুড়ির মধ্যে মাহফুজের হাত থেকে ছাতাটাও কেউ নিয়ে যায়। মাহফুজ বলেন, ‘ত্রাণ তো পেলামই না, উল্টো লুটের শিকার হলাম।’

এ ব্যাপারে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গণমাধ্যমকে বলেন, আমরা যতই ত্রাণ দেই না কেন, তারপরও কিন্তু কম পড়বে। আমরা কোনো ইউনিয়নে ১০০ মণ চাল দিলে ১০০ জন পাবে, যদি ২০০ জন চলে আসে, তাহলে অর্ধেক করে সেটা দেয়া যায়, যদি খোলা চাল ও গম থাকে। কিন্তু প্যাকেট করা খাবার তো ভাগ করা যায় না। তাই যারা আগে থেকে তালিকাভুক্ত হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কেউ যদি নির্দ্দিষ্টভাবে দেখাতে পারে যে তালিকায় অনিয়ম হয়েছে, আমি কঠিন ব্যবস্থা নেব। আগে এরকম হয়েছে, কিন্তু এখন এই অপবাদ আমি মাথায় নেবো না। যেহেতু ত্রাণ পায় নাই, তাই গণ্ডগোল করেছে, এটা ফেয়ার গণ্ডগোল না, আনফেয়ার গণ্ডগোল।’

‘সরকারও যতই দিক না কেন, এরকম হবে আর এর মধ্যেই কিন্তু মানুষকে বুঝিয়ে বলতে হবে যে এখন পাননি, কিন্তু অবশ্যই আপনি পরবর্তীতে পাবেন। আলটিমেটলি ঘুরে ঘুরে সবার কাছেই যাবে এবং কেউই বাদ পড়বে না,’ যোগ করেন তিনি।

Share





Related News

Comments are Closed