Main Menu

বৃহস্পতিবার সিলেটে ওয়াও ফেস্টিভাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার (১৯ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়াও ফেস্টিভাল’। উইমেন অফ দ্য ওয়ার্ল্ড (ওয়াও)-একটি আন্তর্জাতিক উৎসব। বিশ্বের নারীদের অর্জনগুলো উদযাপন ও তাদের যেসকল বাধার মুখোমুখি হতে হয় তা তুলে ধরতেই এই উৎসব। এতে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, কর্মশালা, স্পিড মেন্টরিং এবং আরও অনেক কিছু থাকে। উৎসবের নারীর পাশাপাশি পুরুষের অংশগ্রহণকেও উৎসাহিত করা হয়। এই আয়োজনের লক্ষ্য সকলক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করা।

সিলেট জেলা স্টেডিয়ামের বাইরের মাঠে ওয়াও সিলেট চ্যাপ্টার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭.৪৫ মিনিট পর্যন্ত। তবে উদ্বোধন অনুষ্ঠিত হবে বেলা ৩.৩০টায়।

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় উৎসব আয়োজন করছে সেন্টার ফর কমিউনেকশন এন্ড ডেভেলপমেন্ট- সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।

উইমেন ইন ই-কর্মাস ও নারীদের সেলফ ডিফেন্সের কৌশল নিয়ে সকালে দুটি ওয়ার্কশপ থাকছে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে। পড়ালেখা, ক্যারিয়ার সবকিছুর চেয়েই বিয়েটা আগে জরুরি!- এই বিষয় বিকেলে মূল স্টেজে থাকছে প্যানেল আলোচনা। আরেক প্যানেল আলোচনায় উঠে আসবে কম্পিটারের প্রোগ্রামিংয়ে নারীরা কীভাবে ক্যারিয়ার গড়তে পারে সে বিষয়।

এর মাঝেই ৪ জন নারী তাদের জীবনযাত্রা ও অর্জনের গল্প শোনাবেন। জানাবেন, কীভাবে তারা পার করে এগিয়ে যাচ্ছেন নানা প্রতিবন্ধকতা। নিজ নিজ ক্ষেত্রে সফল ৫ জন বিশেষজ্ঞের কাছ থেকে থাকছে বিভিন্ন বিষয় পরামর্শ নেওয়ার সুযোগ। মার্কেটপ্লেসে নারী উদ্যোক্তারা তাদের পণ্যের প্রদর্শনী করবেন।

ফেস্টিভালে আরো থাকছে সিলেটের ঐতিহ্যাবাহী ধামাইল গান, লাঠি নৃত্য, মণিপুরি নৃত্য, কবিতা আবৃত্তির পাশাপাশি সন্ধ্যায় মঞ্চ মাতাবেন ‘সিলেটি ফুরি’ ‘নয়া দামান’ গানের জন্য আলোচিত তসিবা বেগম।

 

Share





Related News

Comments are Closed