Main Menu

কোম্পানীগঞ্জে ৮০০ টাকার জন্য পোল্ট্রি ব্যবসায়ীকে খুন!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে পাওনা ৮০০ টাকার জন্য হাফিজুর রহমান (৪৫) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী প্রতিবেশীর লাঠির আঘাতে খুন হয়েছেন। উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামে শনিবার (৭ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর ওই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে। ঘাতক ফয়জুল বারী (৩০) একই গ্রামের মিরাছ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত হাফিজুর ও ফয়জুল বারী ভোলাগঞ্জ বাজারের পোল্ট্রি ব্যবসায়ী। পাশাপাশি তাদের দোকান রয়েছে। ব্যবসার প্রয়োজনে ফয়জুল বারী প্রতিবেশী হাফিজুরের কাছ থেকে ৮০০ টাকা ধার নিয়েছিলেন। শনিবার রাতে তিনি হাফিজুরের কাছে পাওনা টাকা ফেরত চান। কিন্তু হাফিজুর ওই মুহুর্তে টাকা দিতে না পারায় বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাগান্বিত হয়ে ফয়জুল বারী একটি লাঠি দিয়ে হাফিজুরের মাথায় আঘাত করেন। হাফিজুর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন রক্তাক্ত হাফিজুরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, মাত্র ৮০০ টাকার জন্য হাফিজুরকে খুন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed