Main Menu

বিয়ানীবাজারে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া বাজারের একটি কাঠের আসবাবপত্রের কারখানা ও একটি পরিত্যাক্ত ঘর থেকে প্রায় ২ হাজার ৫০০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর অভিযান চালিয়ে ১২টি খোলা ও ২৬টি ৩০ কেজির সরকারি চালের বস্তা জব্দ করেন। এ সময় কারখানার মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই চক্রের দুই সদস্যকে আটক করা হলেও পরে তাদের চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জানা যায়, গত বুধবার উপজেলার শেওলা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গরীব, অসহায় এবং দুঃস্থ পরিবারে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ওইদিন রাতেই ইউনিয়ন পরিষদের পাশে কারকরদিয়া বাজারে অবস্থিত জননী ফার্নিচারে সরকারি চাল মজুদ করা হয়। পরদিন বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিন নূর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেন। বিকেল সাড়ে ৫টার দিকে ইউএনও অভিযানে গেলে জননী ফার্ণিচারের স্বত্বাধিকারী মাহবুব আহমদ, কারকরদিয়া গ্রামের আজমল হোসেন ও আবুল হোসেন নামে দুই সহোদরকে জিজ্ঞাসাবাদ করলে ভিজিএফ সুবিধাভোগীদের কাছ থেকে চালগুলো কেনা হয়েছে বলে জানান। এ সময় আর কোনো চাল তাদের কাছে মজুদ নেই বলেও জানান তারা।

এসময় গোপন সংবাদে পাওয়া তথ্য অনুযায়ী পাশের তালাবদ্ধ পরিত্যক্ত ঘর থেকেও ১০ বস্তা এবং কারখানার পেছনের স্টোর রুম থেকে আরো ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়।

শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন বলেন, সরকারি চালের এ বস্তা কীভাবে সেখানে গিয়েছে জানি না। তবে সুবিধাভোগীরা সেদ্ধ চাল হওয়ায় বিক্রি করে গেছেন বলে জেনেছি। বিষয়টি ইউনিয়নের ট্যাগ অফিসার ভালো বলতে পারবেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর বলেন, সরকারি চালগুলো জব্দ করা হয়েছে। তবে আমাদের প্রাথমিক তদন্তে চালগুলো সুবিধাভোগীরা বিক্রি করেছেন বলে জানতে পেয়েছি। তালিকা দেখে সুবিধাভোগীদের সাথে যোগাযোগ করা হলে তারা চাল বিক্রি করার বিষয়টি স্বীকার করেছেন।

Share





Related News

Comments are Closed