Main Menu

নববর্ষে জাবিতে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাবি প্রতিনিধি: মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায়িক অনুষদ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সকাল ৯-৩০ টায় শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় বাহারি রঙের কার্টুন, ফেস্টুন ও ব্যানার দেখতে পাওয়া যায়। এসময় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহের সাথে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। মঙ্গল শোভাযাত্রার পর কলা অনুষদের সামনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশন করে।

এবারের পহেলা বৈশাখের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, ‘মানুষে মানুষে সম্প্রীতি বয়ে যাক, প্রকৃতি ও প্রত্যয়ে এসো বৈশাখ’। করোনা ভাইরাসের সংক্রমণ পুনরায় না ঘটার আশায় লোকজ বিশ্বাস অনুযায়ী অমঙ্গল দূরীকরণের প্রতীক হিসেবে ময়ূর ও সাপের প্রতিকৃতি এবং উর্বরতার প্রতীক হিসেবে নান্দনিক একটি মাছের প্রতিকৃতি মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শন করা হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ‘প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করছি নতুন বছর সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে। চারুকলা বিভাগকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। নতুন বছরে আমরা সবাই যেন সুস্থ ও সুন্দর থাকতে পারি সেই কামনা করি।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) অধ্যাপক ড. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আক্তার, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবর রহমান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আলমগীর কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

Share





Related News

Comments are Closed