Main Menu

সিলেটে ব্যবসায়ী-কিশোরীসহ তিনজনের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একই দিনে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পৃথক স্থান থেকে বুধবার এই ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নগরীর লালবাজারের আবাসিক হোটেল আল মিনার থেকে ব্যবসায়ীর, বাগবাড়ি থেকে বৃদ্ধের এবং বাগবাড়ির মদিনা আবাসিক এলাকা থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ ৩টি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লালবাজারের হোটেল আল মিনারের ৪র্থ তলার ৪১৪ নম্বর কক্ষ থেকে খালেদ আহমদ (৩৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার খাটখাই গ্রামের উনু মিয়ার পুত্র ও পেশায় একজন সুপারি ব্যবসায়ী।
হোটেল কর্তৃপক্ষ জানান, খালেদ আহমদ ব্যবসার কাজে গত মঙ্গলবার বিকেলের দিকে হোটেলে অবস্থান করেন। পরদিন বুধবার দুপুরে তাকে ডাকাডাকি করা হলেও সাড়া শব্দ মিলেনি। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে দরজা খুলে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই ঘটনাস্থল থেকে লাশের আলামত সংগ্রহ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে, বুধবার বেলা ১টার দিকে নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের শামসুদ্দিনের কলোনি থেকে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মুজিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বড়বালকি গ্রামে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মুজিবুরের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এছাড়া, একইদিন নগরীর বাগবাড়ি মদিনা আবাসিক এলাকার কলোনি থেকে ঝর্না আক্তার স্বর্ণা (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বর্ণার বাবা আবুল মিয়া পুলিশকে জানান, স্ত্রী-সন্তানদের নিয়ে বাগবাড়ি মদিনা আবাসিক এলাকার একটি কলোনিতে তারা থাকতেন। তার মেয়ের মানসিক সমস্যা ছিল। বুধবার দুপুরে ঘরের ভেতরে স্বর্ণার নিথর দেহ ঝুলে থাকতে দেখে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।

কতোয়ালী থানার অফিসার ইনচার্জ জানান, লাশ উদ্ধারের ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পৃথক তিনটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed