Main Menu

সিলেটে তিন দিনব্যাপী আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন শুরু আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে তিন দিনব্যাপী ৫ম দশসালা দস্তারবন্দী মহাসম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতি, শুক্র ও শনিবার (১২, ১৩ ও ১৪ নভেম্বর) আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর (ষাটঘর), সিলেটে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতোমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মহাসম্মেলনে আঞ্জুমান বোর্ডের অধীনে বিগত দশ বছরে কিরাতের সর্বোচ্চ স্তরের সনদ অর্জনকারী প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে (পুরুষ ও মহিলা) সম্মাননা প্রদান করা হবে। এ উপলক্ষে পুরুষ শিক্ষার্থীদের পাগড়ি এবং মহিলা শিক্ষার্থীদের ওড়নাসহ বিশেষ গিফটপ্যাক প্রদান করা হবে।

সম্মেলনে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দ ভারতের কিরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী আব্দুর রউফ বুলন্দশহরী, পশ্চিমবঙ্গ সরকারের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, কলকাতা। আওলাদে রসুল সায়্যিদ আবু বকর সিদ্দিক মনসুরপুরী, ভারত।

দারুল উলুম হাটহাজারী মাদরাসার কিরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী জহিরুল হক, দারুল হাদীস আশরাফুল উলুম আসাম ভারতের কিরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী আবু মোহাম্মদ আসাদ, কারী মুফতি মুফিজুল ইসলাম ত্রিপুরা, ভারত।

৩ দিনব্যাপী মহাসম্মেলনে দেশ ও বিদেশের বরেণ্য ওলামা-মাশায়েখ, ইসলামিক স্কলার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নসিহত প্রদান করবেন। কিরাত পড়বেন বিখ্যাত কারীগণ। উপস্থিত থাকবেন সামাজিক ও রাজনৈতিক নেতৃবন্দ।

উল্লেখ্য, ১৯৮২ সালে সর্বস্তরের মানুষের মধ্যে বিশুদ্ধ কুরআন শিক্ষা বিস্তারের লক্ষ্যে শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রহ. (পীরসাহেব ভানুগাছী) আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাবোর্ডটি দেশব্যাপী কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছর পবিত্র রমজান মাসে আঞ্জুমানের মাধ্যমে লাখো ছাত্রছাত্রী কুরআন শিক্ষা গ্রহণ করেন।

বর্তমানে সারা দেশে প্রায় দুই হাজার শাখাকেন্দ্রে রমজানভিত্তিক কুরআন শিক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। প্রতি বছর আঞ্জুমানের প্রধান কেন্দ্র আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকরে প্রায় এক হাজার শিক্ষার্থী কুরআনের তালিম গ্রহণ করেন।

মহাসম্মেলন সফল ও সার্থকভাবে সম্পন্ন করতে দেশবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মাওলানা কারী ইমদাদুল হক নোমানী।

Share





Related News

Comments are Closed