Main Menu

গোলাপগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে রাজুনা বেগম (২৩) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকালে পৌর এলাকার স্বরসতী কামারগাঁও থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশ উদ্ধার করে। নিহত গৃহবধু হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের ফুরকান আলীর মেয়ে।

এ ঘটনার পর রাতে নিহত গৃহবধুর পিতা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গোলাপগঞ্জ মডেল থানায় গৃহবধুর স্বামীসহ ৪জনকে আসামী করে একটি মামলা (মামলা নং-১২, ১১-০৪-২০২২ইং) দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিহত গৃবধুর স্বামী আলাল আহমদ (৩২) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আলাল আহমদ স্বরসতী কামারগাঁও এর আব্দুল শহিদের ছেলে।

জানা যায়, রোববার সকালে পরিবারের সদস্যরা দেখতে পায় যে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে রাজনা বেগম আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, গৃহবধুর আত্মহত্যার ঘটনায় তার পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গৃহবধুর স্বামীকে গ্রেপ্তার করেছে। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed