Main Menu

জাবিতে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘মানুষে মানুষে সম্প্রীতি বয়ে যাক, প্রকৃতি ও প্রত্যয়ে এসো বৈশাখ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪২৯ উদযাপনের এসব প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের শুরুতেই সকাল ৮-১৫ টা থেকে বিশ্ববিদ্যালয় ক্লাবে উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মহোদয়ের সাথে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সকাল ৯-৪৫ টায় বিভিন্ন অনুষদ, অফিস এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজনেস স্টাডিজ অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হবে।

এরপর সকাল ১১টায় বাংলা বিভাগের আয়োজনে নতুন কলা ভবনের সামনে মহুয়া তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের যৌথ উদ্যোগে বিকেল ৩-৩০ টা থেকে বিকেল ৫-০০ টা পর্যন্ত জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া, পহেলা বৈশাখের অনুষ্ঠানাদিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়েছে। এদিন দাপ্তরিক কাজ ব্যতিত ক্যাম্পাসে মটর সাইকেল প্রবেশ এবং চলাচল বন্ধ থাকবে। এছাড়া বহিরাগত গাড়ীর চলাচল সীমিত রাখা হবে এবং কেন্দ্রীয় মসজিদের পশ্চিমে এবং জাবি স্কুল কলেজের মাঠে গাড়ী পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, মুখোশ পরে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা যাবে না, তবে মুখোশ হাতে নেয়া যাবে। কোনো রং ছিটানো যাবে না। কেউ রং ছিটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। অংশগ্রহণের সুবিধার্থে পরিবহন সেবা চালু থাকবে। বিকাল ৫.০০ টার মধ্যে সকল অনুষ্ঠান সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed