Main Menu

গোয়াইনঘাটে ৯ শত হেক্টর ফসলী জমি তলিয়ে গেছে

বৈশাখী নিউজ ডেস্ক : সবুজ শ্যামল ফসলের মাঠে এখন শুধু অথৈ জল। রোববার রাতে আকষ্মিকভাবে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সোমবার ভোরে নিমজ্জিত হয় অসংখ্য ফসলের মাঠ। শাকসবজির মাঠও তলিয়ে যায়। অকাল ঢল যেন কৃষকের পাতের গ্রাস কেড়ে নিতে চাইছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে মঙ্গলবার জানানো হয়, ৯শত হেক্টর ফসলি জমি সম্পূর্ণ নিমজ্জিত রয়েছে। শাক সবজির মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কৃষকদের মতে নিমজ্জিত ফসলের মাঠ দ্বিগুন হবে। গত অগ্রহায়নের ফসল ভাল না হওয়ায় ঋণগ্রস্ত হয়ে কৃষকরা মাঠে ফসল লাগিয়ে ছিলেন। নিমজ্জিত ফসল কতটুকু ঘরে উঠবে সেই শঙ্কায় আর দেনার চিন্তায় কাটছে দিন। অনেক কৃষক পরিবারে এখনই রয়েছে খাদ্য সংকট।

পাহাড়ী ঢল শুরু হতে না হতেই উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নবাসীর। উপজেলার উনাই হাওরে একটি ব্রীজ নির্মাণ কাজে ঠিকাদারের গাফিলতির কারণে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার খেসারত দিতে হচ্ছে কয়েক হাজার জনসাধারণের। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রীজের বিকল্প রাস্তা সঠিকভাবে না করে ব্রীজ ভেঙ্গে ফেলায় সোমবার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রাস্তা ভেসে উঠলেও আবার ভেঙ্গে যাচ্ছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

 

Share





Related News

Comments are Closed