Main Menu

নরসিংদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোররাত ৪টার দিকে উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে ও মাইক্রোবাসের চালক আবুল কালাম আজাদ (৫৩), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার পশ্চিম এরহা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবুল হোসেন (৫০) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার পুতলা গ্রামের আব্দুল মান্নান আকনের ছেলে ইউনুস মিয়া (৫৫)। নিহত তিনজনই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ খান বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। ভোর ৪টার দিকে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী মাইক্রোবাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস সামনে থাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। এ সময় দুজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) খালেদ মাহমদু খান বলেন, আহত দুজন নরসিংদী ও ভৈরবের ভিন্ন দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed