টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকছে না
প্রযুক্তি ডেস্ক: রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকছে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ থেকে ‘টেলিটক’ এ ব্যবস্থা কার্যকর করবে।
‘যত দিন ডাটার ব্যালেন্স থাকবে, ততদিন গ্রাহক তার ক্রয়কৃত ডাটা ব্যবহার করতে পারবেন’ এ কথা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গ্রাহকের স্বার্থ বিবেচনায় নিয়ে ১৫ মার্চ মঙ্গলবার রাজধানীর রমনাস্থ বিটিআরসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
মোবাইল অপারেটর কোম্পানিগুলোর ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বিশ্বে এই প্রথমবারের মতো মোবাইল ডাটার কোন মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বাংলাদেশ বেরিয়ে এলো। টেলিটকের পর অন্যান্য মোবাইল অপারেটর কোম্পানিও পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মোস্তাফা জব্বার বলেন, ‘আমার ডাটা আমি ব্যবহার করবো, যতদিন ব্যালেন্স থাকবে ততদিন করবো’ গ্রাহকদের এটাই দাবি। আমরা সেই দাবিই বাস্তবায়ন করছি।
কলড্রপের ফলে গ্রাহকদের আর্থিক ক্ষতির বিষয়টিও গুরুত্বের সাথে দেখার জন্য তিনি মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ডিজিটাল সেবা সবার জন্য সহজলভ্য এবং ন্যায়সঙ্গত হোক এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লক্ষ্য।
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন, এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.)এস এম ফরহাদ এবং গ্রামীণফোন, রবি এবং বাংলা লিংকের প্রতিনিধিরা মোবাইল ফোনের ডাটা প্যাকেজ ব্যবস্থাপনা সহজীকরণে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ব্যাপারে বিটিআরসি’র গাইড লাইন অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও তারা অবহিত করেন।
বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ডিজিটাল সংযুক্তির মহাসড়ক তৈরি নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশকে পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী করা হবে। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। এই লড়াইয়ে টেলকো ইন্ডাস্ট্রির অপরিসীম ভূমিকা রয়েছে।’ করোনাকালে দেশব্যাপী ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণে নির্দেশ বাস্তবায়নের জন্য মোবাইল অপারেটদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘কোন কিছু নির্দেশ দিয়ে নয়, আমরা অপারেটরদের সাথে সব সময় এক টেবিলে বসে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি এবং তা অব্যাহত থাকবে।
তিনি ইন্টারনেটকে শ্বাস-প্রশ্বাসের সাথে তুলনা করে বলেন,ডাটা যত বেশি সম্প্রসারণ করতে পারবো ভবিষ্যত প্রজন্মের জন্য তত বেশি সুযোগ সৃষ্টি করতে পারবো।
ডাক ও টেলিযোগাযোগ সচিব গত ১৩ বছরে টেলিযোগাযোগখাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। তিনি কলড্রপ সংকট সমাধানে যথাযথ উদ্যোগ গ্রহণেরও আহবান জানান।
শ্যাম সুন্দর সিকদার বলেন, গ্রাহক সেবা নিশ্চিত করার বিষয়ে বিটিআরসি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসি’র ওপর অর্পিত দায়িত্ব স্বচ্ছতা এবং দ্রুততার সাথে বাস্তবায়নে বিটিআরসি বদ্ধপরিকর।
তিনি বিটিআরসি’র চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিত করতে অংশীজনদের সাথে নিয়ে আমরা কাজ করছি।-বাসস
Related News
একযোগে ৩৮ বিচারককে বদলি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতিRead More
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরতRead More



Comments are Closed