Main Menu

আট দফা দাবীতে জাবি ছাত্রলীগের স্মারকলিপি প্রদান

জাবি প্রতিনিধি: সকল শিক্ষার্থীর জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের নিকট এই স্মারকলিপি প্রদান করেন শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।

স্মারকলিপিতে উত্থাপিত দাবীগুলো হচ্ছে
১. অনতিবিলম্বে স্থগিত ও অপেক্ষমান পরীক্ষাসমূহ গ্রহণ করতে হবে।
২. এম্বুলেন্স এর অপ্রতুলতা দূর করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ও জয়বাংলা গেইটে সাইকেল স্ট্যান্ড স্থাপন করতে হবে।
৪. টার্জানপয়েন্ট সংলগ্ন রাস্তায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে।
৫. সিএন্ডবি থেকে বিশমাইল (হাইওয়ে) পর্যন্ত পর্যাপ্ত লাইট ও সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।
৬. বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন ও ময়লা অপসারণের ব্যবস্থা করতে হবে।
৭. মশা নিধনের ব্যবস্থা করতে হবে।।
৮. ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পায়ে চালিত রিক্সার সংখ্যা বাড়াতে হবে।

এসময় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের যেকোন ন্যায্য দাবীর পক্ষে অবস্থান করি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যেকোন সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য কাজ করে যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে শিক্ষার্থীবান্ধব সংগঠনে পরিণত করতে চাই। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের সাথে মতবিনিময় শেষে এই সমস্যাগুলোকে চিহ্নিত করেছি আমরা। তারই প্রেক্ষিতে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।’

জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘আমরা সবসময়ই শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় মেডিকেলের পর্যাপ্ত সেবা দেয়ার সক্ষমতা নেই। ফলে অসুস্থ শিক্ষার্থীদের দূরবর্তী হাসপাতালে পাঠাতে হয়। এক্ষেত্রেও এম্বুলেন্স এর সংকট রয়েছে। পর্যাপ্ত ডাস্টবিন ও ময়লা অপসারণের ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্রমশ অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। করোনাকালীন সময়ে তীব্র সেশনজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় কর্মজীবনে পদার্পণ করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট সংস্কার ও আলোক সংকট দূর করা জরুরি।পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় অনেক সময় শিক্ষার্থীরা ছিনতাইয়ের কবলে পরে। এ সব সমস্যা সমাধানের জন্য আমরা উপাচার্যের নিকট আহ্বান জানাচ্ছি।’

অনতিবিলম্বে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেন তারা। এসময় বিভিন্ন হল শাখা ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed