Main Menu

সিলেটে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তারিক আহমদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ফেব্রয়ারী) বিকেলে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর ছেলে।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়। আহতরা হলেন- একই গ্রামের তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১) ।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ পৌরশহরের ৯ নং ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা মাঠে রণকেলী টাইগার ক্লাবের উদ্যোগে বিকেল চারটার দিকে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। খেলায় নয়াগ্রাম বনাম নুরুপাড়ার মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছিলো। খেলা চলাকালে মাঠেই দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে দু পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় তারিকসহ কয়েকজন গুরুতর আহত হয়। এদের মধ্যে তিনজনকে স্থানীয় লোকজন দ্রুত সিলেট নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তারিক মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যান্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুই গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছিলো।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

Share





Related News

Comments are Closed