Main Menu

আল্লামা হাবিবুর রহমান আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার রারাই এলাকার বাসিন্দা প্রখ্যাত শায়খুল হাসিদ, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হাবিবুর রহমান আর নেই। (ইন্নালিল্লাহি .. রাজিউন)।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ৬টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।

মরহুমের জামাতা মাওলানা আব্দুস সালাম আল মাদানী এই তথ্য জানিয়েছেন। মরহুমের জানাজার নামাজ ৮ ফেব্রয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় বাড়ি সংলগ্ন উত্তরের মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে তাঁর স্ত্রীও ইন্তেকাল করেন।

সবার কাছে ‘মুহাদ্দিস ছাহেব’ নামে খ্যাত শাইখুল হাদীস আল্লামা হবিবুর রহমান জকিগঞ্জের রারাই গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এলাকার খ্যাতিমান আলিমে দীন মরহুম মাওলানা মুমতায আলী ও মাতা মরহুমা আমিনা খাতুন। ৭ ভাই ও ১ বোনের মধ্যে তিনি তৃতীয়।

তিনি ইছামতি দারুল উলুম সিনিয়র মাদরাসায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর নিয়মতান্ত্রিকভাবে অবসর গ্রহণ করেন। তাঁর দীর্ঘ পরিশ্রম ও একান্ত প্রচেষ্টা ইছামতি মাদরাসা পূর্ব সিলেটের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তাঁর একক প্রচেষ্টায় মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়। আলিম, ফাজিল ও কামিল ক্লাশের সরকারি মঞ্জুরি এবং স্বীকৃতি আদায়ে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ইছামতি মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক এবং গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সৎপুর কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস ছিলেন।

অর্ধ শতাব্দীরও অধিককাল ধরে ইলমে হাদীসের খিদমতে নিয়োজিত এ মনীষী অধ্যাপনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে কুরআন-হাদীসের শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশ-বিদেশে বিভিন্ন মাহফিলে বয়ান পেশ করতেন।

Share





Related News

Comments are Closed