Main Menu

মোল্লারগাঁও ইউপি নির্বাচন ৫ ফেব্রুয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়ন পরিষদের নির্বাচন। সোমবার (৩১ জানুয়ারী) ষষ্ট ধাপের ইউপি নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও কামালবাজার ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলেও শেষ মুহুর্তে এসে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। উচ্চ আদালতের আপীল বিভাগের চেম্বার জজের নির্দেশনা নির্বাচন কমিশনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে এসে না পৌছানোর কারণে ভোটগ্রহণ স্থগিত রাখেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাচন কর্মকর্তা।

এদিকে সোমবার সকালে উচ্চ আদালতের নির্দেশনা সম্বলিত নির্বাচন কমিশনের চিঠি এসে পৌছালে আগামী ৫ ফেব্রুয়ারী ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা তানিজদা আফরিন চন্দা। তিনি বলেন, আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা হাতে পেয়েছি ৫ ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেজন্য কার্যকর পদক্ষেপ হাতে নেয়া হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত করে প্রকাশিত গেজেটে মোল্লারগাও ইউনিয়নের অল্প কিছু অংশ পড়ে। মোল্লারগাও ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল অনুযায়ী সিটি কর্পোরেশনভুক্ত এলাকার বাসিন্দারা ভোট প্রদান করবেন কি না এ নিয়ে প্রশ্ন উঠে। এর প্রেক্ষিতে ওই এলাকার দুই বাসিন্দা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে গত ৫ জানুয়ারী বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের বেঞ্চ ২ মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করেন। তবে হাইকোর্টের আদেশে ইউনিয়ন নির্বাচনের গণবিজ্ঞপ্তির স্মারক নম্বর ভুল থাকায় স্থগিতাদেশের বিষয়টি কার্যকর হয়নি। পরে স্মারক নম্বর সংশোধন করে আবেদন করলে আদালত পরবর্তীতে স্থগিতাদেশের আদেশ প্রদান করেন।

এদিকে হাইকোর্টের উক্ত নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে গত ২৩ জানুয়ারী হাইকোর্টের চেম্বার জজ আদালতে একটি ‘সিভিল পিটিশন ফর লীভ টু আপীল’ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে হাইকোর্টের আপীল বিভাগ আগের দেয়া আদেশের উপর ৬ সপ্তাহের স্থগিতাদেশ দেন। একই সাথে এ সংক্রান্ত কাগজপত্র নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের নির্দেশনা প্রদান করেন। উচ্চ আদালতের কপি সংশ্লিষ্ট দফতরে পৌছালেও নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা না আসায় ৩১ জানুয়ারী মোল্লারগাও ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখা হয়। ৩১ জানুয়ারী সোমবার নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আসায় ৫ ফেব্রুয়ারী মোল্লারগাও ইউনিয়নের ভোটগ্রহনের তারিখ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিজদা আফরিন চন্দা।

 

Share





Related News

Comments are Closed