Main Menu

উপচার্যের পদত্যাগের দাবিতে শাবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

বৈশাখী নিউজ ডেস্ক: উপাচার্যের পদত্যাগের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও তথ্যচিত্র প্রদর্শন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। মোমবাতি প্রজ্বলনের সাথে সাথে তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটি তথ্যচিত্র প্রদর্শন করেন। যেখানে (১৬ জানুয়ারি) পুলিশের হামলার পর থেকে সব তথ্য তুলে ধরা হয়। তথ্যচিত্রে দেখা যায় শিক্ষার্থীদের উপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুড়ছেন। তাই শিক্ষার্থীদের আন্দোলনের কারণগুলো মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

এদিকে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থী রাজু বলেন, আমরা আমাদের সহপাঠীদের শারীরিক অবস্থা বিবেচনা করে এখনই অনলাইনে আলোচনায় বসতে চাই অথবা শিক্ষামন্ত্রী কোন প্রতিনিধি দল পাঠালে তাদের সাথে বসবো। আমরা আর বিলম্ব করতে চাই না। পাশাপাশি শিক্ষকদেরকে তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, এই আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের এখানে অন্য কেউ ইন্ধন দিচ্ছ না। তাছাড়া আমাদের দাবি এখন পুরো বাংলাদেশের মানুষের দাবি হয়ে দাড়িয়েছে। তাই অবিলম্বে আমরা এ ভিসির পদত্যাগ চাই। আমাদের আন্দোলনকে অনেকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করার চেষ্টা করছে।

এসময় অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে নওরিন বলেন, আমাদের ১৬ জন অনশনরত শিক্ষার্থী মেডিকেলে ভর্তি আছেন। তাদের অবস্থা খুবই শোচনীয়। তাদের কয়দিনে যে অবস্থা হয়েছে তা কাটিয়ে উঠতে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। তিনি বলেন, অনশনরত অনেক শিক্ষার্থীর অভিভাবক বলেছেন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দেইনি যে তারা অন্যায়ের কাছে মাথানত করবেন।

এছাড়া শনিবার (২২ জানুয়ারি) দুপুরে গোলচত্বরে কাপনের কাপড় পরে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে জড়ো হয়। পরে রাত সাড়ে ৭টায় এক সংবাদ সম্মেলনে গণঅনশনের ঘোষণা দেন তারা।

এদিকে, চলমান সংকট সমাধানে শনিবার সন্ধ্যায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা আমাদের সঙ্গে আলোচনায় বসুক আমরা সেটা চাই। আলোচনাই সমস্যা সমাধানের সবচেয়ে ভালো পন্থা।

আমি আলোচনার জন্য প্রস্তুত, শিক্ষকদের সঙ্গে অনশনকারীরা কথা বলতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের এই আন্দোলনে ‘সন্দেহ’ পোষণ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরিষ্কার না এই আন্দোলনে আরও কেউ জড়িত কি না, তাদের ইন্ধনে কেউ কলকাঠি নাড়ছে কি না?

তবে ওইদিনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, পুলিশি অ্যাকশনটা দুঃখজনক, তেমনি শিক্ষকদের লাঞ্ছিত করাও দুঃখজনক।

গত বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে আমরন অনশন কর্মসূচি শুরু করেন ২৪ জন শিক্ষার্থী। তারমধ্যে ১৫ জন ছেলে এবং ৯ জন মেয়ে রয়েছেন। পরে বৃহস্পতিবার দুপুরে ১জন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে যান বলে জানা যায়। বাকি ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তাররা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী। গত শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

 

Share





Related News

Comments are Closed