Main Menu

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শাবি শিক্ষার্থীদের

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিসহ তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে বারোটায় তাদের এ সিদ্ধান্ত জানান শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বর থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে ঘুরে দ্বিতীয় ছাত্রী হলের সামনে এসে শেষ হয়।

এর আগে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীরের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের তিন দফা দাবি মেনে না নেওয়ায় আমরা আন্দোলনের অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি। আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি। রবিবার সকাল আটটা থেকে আমাদের কার্যক্রম আবার শুরু হবে।

তিন দফা দাবির মধ্যে রয়েছে, প্রভোস্ট কমিটি পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে হলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, অবিলম্বে দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দেওয়া।

এদিকে আজ সকাল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ রবিবার সকাল ৮ থেকে তারা এ কর্মসূচি নেয় তারা।

Share





Related News

Comments are Closed