Main Menu

সিলেটে নকল স্বর্ণের মূর্তি বিক্রি, প্রতারক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১১ জানুয়ারী) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত মো. ইদ্রিস মিয়া (৩৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চকতিলক সাহারপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে সোমবার দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোছাম্মৎ রুবিনা বেগম নামের এক নারী ইদ্রিসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ইদ্রিস আলী স্বর্ণ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে সিলেটে সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তিনি বলেন, ইদ্রিসকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ। তার সঙ্গে আর কারা জড়িত, জিজ্ঞাসাবাদ করে সেটি জানার চেষ্টা করা হবে।

এসএমপি’র মিডিয়া শাখা জানায়, ইদ্রিস মিয়া প্রায় তিন মাস আগে রুবিনা বেগমের কাছে একটি পিতলের মূর্তি স্বর্ণের বলে বিক্রি করেন। কয়েকদিন পর প্রতারণার বিষয়টি বুঝতে পারেন রুবিনা। এরপর বিষয়টি নিয়ে কথা বলতে ইদ্রিসের সঙ্গে দেখা করতে চাইলে সে নানা অজুহাতে দেখা করেনি। গত সোমবার দুপুরে রুবিনা আরেকজনকে ক্রেতা সাজিয়ে কৌশলে ইদ্রিসকে নগরীর পাঠানটুলার একটি বাসায় ডেকে আনেন এবং গোয়েন্দা পুলিশকেও খবর দেন। পরে ইদ্রিসকে ওই বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, ইদ্রিস আলীর কাছ থেকে উদ্ধার করা পিতলের মূর্তি বিশেষভাবে রং করা। দেখলে মনে হবে হুবহু স্বর্ণের মতো। সাধারণ মানুষ মূর্তিটি দেখলে স্বর্ণের বলেই ভুল করবে। এরই সুযোগ নেন ইদ্রিস আলী। গত অক্টোবরে রুবিনা বেগমের কাছে স্বর্ণের মূর্তি বলে চড়া দামে বিক্রি করে ইদ্রিস।

Share





Related News

Comments are Closed