Main Menu

বর্ণিল আয়োজনে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপন

বৈশাখী নিউজ ডেস্ক: বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস ২০২১ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে সিলেটে শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এ উপলক্ষে আয়োজিত ‘বিজয় উৎসবে’ দুইদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জা, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার থেকে সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়। আজ সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পৃথক পরিবেশনা ছিল। পরিবেশনার মধ্যে ছিল মুক্তিযুদ্ধের উপর নাটিকা, গান, কবিতা আবৃত্তি প্রভৃতি। এ ছাড়া স্টল নিয়ে প্রতিটি বিভাগ থেকে বিজয় মেলায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিজয় উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপকগণ পেনাল্টি শুটআউটে অংশগ্রহণ করেন। শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে ফুটসাল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, হাড়িভাঙা প্রভৃতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক এবং ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে এসব কর্মসূচি ভার্চুয়াল মাধ্যমে অবলোকন করে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। উপপরিচালক (জনসংযোগ) সুমনা আজিজের সঞ্চালনায় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, আইন বিভাগের অধ্যাপক ব্যারিস্টার আরশ আলী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী ও লোকমান আহমদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ প্রমুখ।

এদিকে, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিচারকদের রায়ে বিজয়ী হওয়াদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে ইংরেজি ও সিএসই বিভাগ যৌথভাবে প্রথম, আইন ও বিচার বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগ যৌথভাবে দ্বিতীয় এবং অর্থনীতি বিভাগ তৃতীয় পুরস্কার অর্জন করে। এ ছাড়া বিজয় মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা স্টলগুলোকেও পুরস্কার প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed