Main Menu

রাশিয়ায় কয়লাখনিতে আগুন, নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় কয়লাখনিতে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ উদ্ধারকর্মীও রয়েছেন। এখনো খনির ভেতর আটকা আছেন ৩৫ জন।

খনিতে গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে উদ্ধারকাজ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে রাশিয়ার ভেলোবো শহরের কাছে কেমেরোভো অঞ্চলের একটি কয়লাখনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে হতাহত হন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় খনির ভেতর আটকা পড়েছেন অনেকে। তাদের অনেকেই ধোঁয়া ও গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত।

অগ্নিকাণ্ডের পরই দমকল বাহিনীর কয়েকটি ইউনিট সেখানে পৌঁছায়। কয়েক ঘণ্টা উদ্ধার অভিযানের পর ঘটনাস্থল থেকে ২৫০ শ্রমিককে উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অঞ্চলটির গভর্নর সের্গেই সিভিলেভ জানান, খনিতে অতিমাত্রায় মিথেন ও কার্বন ডাই–অক্সাইড গ্যাসের উপস্থিতি রয়েছে। বর্তমানে খনিটি বিস্ফোরণের প্রচণ্ড ঝুঁকিতে থাকায় গ্যাস না কমা পর্যন্ত উদ্ধার ও তল্লাশি অভিযান স্থগিত রাখা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুর্ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের স্মরণে ওই অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করেছেন তিনি।

Share





Related News

Comments are Closed