Main Menu

ইবিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এ, বি ও সি ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুদের আবেদন শুরু হবে আগামী ২৮ নভেম্বর থেকে। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানে প্রাপ্ত জিপিএ-তে ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছুদের প্রাপ্ত নম্বর ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর দুই গুণ যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে। তবে আবেদনকারীদের মোট প্রাপ্ত নম্বর সমান হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে।

এ বছর সাতটি অনুষদের অধীনে ৩১টি বিভাগে মোট ২৩০৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া প্রস্তাবিত একটি বিভাগ অনুমোদন পেলে ৩০টি আসন যুক্ত হবে। এতে মোট আসন সংখ্যা দাঁড়াবে ২৩৪৫টি।

আবেদনের সময় ‘এ’ ইউনিটে ৬৫০, ‘বি’ ইউনিটে ৮০০ ও ‘সি’ ইউনিটে ৪০০ টাকা ফি প্রদান করতে হবে। কেউ একাধিক ইউনিটে আবেদন করতে চাইলে তাকে পছন্দকৃত ইউনিটগুলোর মধ্যে সর্বোচ্চ পরিমাণের ফি’র সাথে বাকী ইউনিটগুলোর জন্য ২০০টাকা করে পরিশোধ করতে হবে।

ভর্তি নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed