Main Menu

সিকৃবিতে সিজারে হলো ছাগলের ২ বাচ্চা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অপারেশন (সিজার) করে ছাগলের ২ বাচ্চার জন্ম দেয়া হয়েছে। সিকৃবির পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের অপারেশন কক্ষে রোববার (১৪ নভেম্বর) এ সিজার সম্পন্ন হয়। বর্তমানে মা ছাগল ও দুটি বাচ্চা ভালো আছে।

বিশ্ববিদ্যালয়ের সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায়ের তত্ত্বাবধানে এ সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়।

রোববার রাতে প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায় সাংবাদিকদের জানান, সিলেট সদর উপজেলার পশ্চিম হাটখোলা এলাকার একজন একটি ছাগল নিয়ে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ভেটেরিনারি (পশুরোগবিষয়ক) হাসপাতালে যান। শনিবার থেকে ছাগলের প্রসব ব্যথা ওঠলেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হচ্ছিলো না। এ অবস্থায় ভেটেরিনারি হাসপাতালের দায়িত্বরতরা চেষ্টা করেও ছাগলটিকে স্বাভাবিক বাচ্চা প্রসব করাতে পারেননি। পরবর্তীতের রোববার সকালে সেই ব্যক্তি ছাগলটিকে সিকৃবির পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, আমরা প্রথমে ছাগলটিকে পর্যবেক্ষণ করি এবং তার অবস্থা সুবিধাজনক নয় বুঝতে পারি। ছাগলটি দেশি। কিন্তু বিদেশি কোনো পুরুষ ছাগল দিয়ে গর্ভ সঞ্চার করানো হয়। যার ফলে তার পেটে বিদেশি বড় জাতের বাচ্চার জন্ম হয়। এছাড়া ছাগলটির পশ্চাৎদেশ আঘাতপ্রাপ্ত ছিল। তাই স্বাভাবিক প্রসব হয়নি। পরে রোববার দুপুরে আমরা সিজারের মাধ্যমে ওই ছাগলের দুটি বাচ্চা প্রসব করাই। বর্তমানে মা ছাগল ও দুটি বাচ্চা ভালো আছে। আমরা ছাগলকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ও মালিককে সকল নির্দেশনা দিয়ে দিয়েছি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে মাঝে-মধ্যে এভাবে সিজারের মাধ্যমে গরু ও ছাগলের বাচ্চা প্রসব করানো হয় বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন ধরণের প্রাণীর জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপাচার এখানে হয়ে থাকে বলে জানান প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায়।

Share





Related News

Comments are Closed