Main Menu

সিলেটে ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।

এলসি’র (ভারতের) পেঁয়াজই গত কয়েকদিন থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করছে টিসিবি। আর ২-৩ দিন পর থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজও ৩০ টাকা দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন টিসিবি’র সিলেট আঞ্চলিক কর্মকর্তা ইসমাইল মজুমদার।

সোমবার (১১ অক্টোবর) তিনি বলেন, টিসিবির আমদানি করা তুরস্কের পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসেছে রবিবার রাতে। সিলেটে মঙ্গলবার এসে পৌঁছার কথা রয়েছে। তবে মঙ্গলবার তুরস্কের পেঁয়াজ আসলেও সিলেটে ২-৩ দিন পর থেকে তা বিক্রি শুরু করবো। কারণ- দোকানে ডাবল দাম, কিন্তু আমরা নিম্ন ও মধ্যবিত্তদের কথা বিবেচনায় ৩০ টাকা দরেই গত কয়েকদিন থেকে এলসি’র (ভারতের) পেঁয়াজ বিক্রি করছি। সেগুলো শেষ হওয়ার পরে তুরস্কের পেঁয়াজ বিক্রি শুরু হবে।

টিসিবি কর্মকর্তা ইসমাইল বলেন, বর্তমানে সিলেট নগরীতে ৩ জন ডিলার বিভিন্ন পয়েন্টে বাই রটেশনে টিসিবির পণ্য বিক্রি করেন। সোমবার ৩টি পয়েন্টে বিক্রি হচ্ছে পণ্য। সেগুলো হচ্ছে- নগরীর রেজিস্ট্রি মাঠ, মদিনা মার্কেট ও দক্ষিণ সুরমার আলমপুর।

ধারাবাহিকভাবে একেকদিন একেক স্থানে দুপুর থেকে শুরু করে ট্রাকের পণ্য শেষ না হওয়া পর্যন্ত টিসিবি পণ্য বিক্রি করছে বলে জানান ইসমাইল। পয়েন্টগুলো হচ্ছে- মদিনা মার্কেট, আলিয়া মাদরাসা মাঠে, রিকাবী বাজার, টিলাগড় পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, রেজিস্ট্রি মাঠ, বাগবাড়ি পিডিবি ও শাহী ঈদগাহ।

সিলেটসহ দেশের বেশিরভাগ বাজারেই হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। গত দুই সপ্তাহে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধির এ ঘটনা ঘটেছে বলছেন ব্যবসায়ীরা। তবে অনেকেই আবার দুষছেন অসাধু ব্যবসায়ীদের।

এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে- পেঁয়াজের লাগাম টানতে সরকার সাড়াশি অভিযান চালাবে। কোনো অসাধু প্রমাণ পেলেই সাথে সাথে বড় অঙ্কের জরিমানাসহ জেলেও প্রেরণ করা হবে।

বাজার পরিস্থিতি নিয়ে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গত বৃহস্পতিবারের (৭ অক্টোবর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম (খুচরা মূল্য) প্রায় ৫৮ শতাংশ বেড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে দেশে ৩৩ লাখ ৬২ হাজার চারশ টন পেঁয়াজ উৎপাদন হয়। যা বার্ষিক চাহিদার চেয়েও ১০ লাখ টন বেশি। আবার সারাবছর ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানিও হচ্ছে।

Share





Related News

Comments are Closed