Main Menu

আগুনে পুড়িয়ে দেওয়া হলো সেই কাশবন

বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিন থেকে পর্যটকদের পদভারে মুখোর সিলেটের গোলাপগঞ্জের কাশবন। প্রতিদিন শতশত মানুষ দূরদূরান্ত থেকে কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছিলেন। তবে বেশি দিন টিকল না প্রকৃতির এই সৌন্দর্য। অশ্লীলতা বন্ধের নামে এলাকাবাসী আগুন দিয়ে পুড়িয়ে দেন কাশবন।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে কাশবনে আগুন ধরিয়ে দেন।

স্থানীয়রা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় হাজারো মানুষের আগমন ঘটে কাশবনে। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। কাশবনের সৌন্দর্য দেখার নাম করে একদল মানুষ এখানে অশ্লীলতা সৃষ্টি করেছেন। প্রতিনিয়ত কাশবনের আড়ালে খারাপ কাজ চলছে। যে কারণে এলাকায় এর প্রভাব পড়ছে।

এদিকে শুক্রবার কয়েকবার ছোট ছোট মারামারির ঘটনা ঘটেছে এখানে। যে কোন সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। এজন্য সব দিক বিবেচনা করে কাশবনে আগুন দেয়া হয় বলে জানা যায়।

অপরদিকে কাশবনে আগুন দেওয়ায় অনেকে এর সমালোচনাও করছেন। তারা বলছেন, এটা কোন ভাবেই জ্বালিয়ে দেওয়া উচিত হয়নি। মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। আর তারা এর সৌন্দর্য জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ’র দেওয়া ফুলগুলো না জ্বালিয়ে মানুষের প্রবেশ বন্ধ করে দিলেও হতো। প্রকৃতি ধ্বংসকারীদের বিচার হওয়া উচিৎ।

কে বা কারা আগুন দিয়েছে, জানা যায়নি। তবে অজ্ঞাত সেই ব্যক্তিদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাঁশবনটি। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে এই কাশবনটির অবস্থান।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার পর কাঁশবনে আগুন লাগানোর ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে বেশ কিছুসংখ্যক মানুষ সেখানে জড়ো হন। তবে আগুনে দর্শনার্থীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed