Main Menu

ট্রেনে ‘কলা খেয়ে’ সব খুইয়েছেন নৌবাহিনী সদস্য

বৈশাখী নিউজ ডেস্ক: ট্রেনে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খুইয়েছেন নৌবাহিনীর এক সদস্য। গত বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) রাতে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন ট্রেনে এই ঘটনা ঘটে।

নৌবাহিনী সদস্যের নাম সবুজ আহমদ। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার নিশ্চিতপুর গ্রামের বাসিন্দা।

সবুজের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯.৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন ট্রেন চট্টগ্রাম ছেড়ে আসে। ট্রেনে এক ব্যক্তির সাথে পরিচয় হয় সবুজের। ওই যাত্রী (ছদ্মবেশী অজ্ঞান পার্টির সদস্য) তার বাড়ি জুড়ী বলে পরিচয় দেন। আখাউড়া স্টেশন ছাড়ার পর ওই লোক তাকে একটি কলা খেতে দেন। কলা খাওয়ার পর সবুজ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর সব কিছু নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্য। সিলেট আসার পরও জ্ঞান না ফেরায় ট্রেনের অন্য যাত্রীরা তার বাড়িতে যোগাযোগ করেন। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

সবুজ আহমদের বড় ভাই আব্দুশ শুকুর শেফুল বলেন, ‘শনিবার থেকে তার ডিগ্রি পরীক্ষা থাকায় চট্রগ্রাম থেকে ছুটি নিয়ে বাড়িতে আসছিল। পথে আখাউড়া স্টেশন ক্রস করলে যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্য কলা খাইয়ে অজ্ঞান করে সব নিয়ে যায়। সিলেট যাওয়ার পর তার জ্ঞান না ফেরায় ট্রেনের অন্য যাত্রীরা আমাদের ফোন করেন। পরে সিলেটে থাকা এক আত্বীয় তাকে স্টেশন থেকে তার বাসায় নিয়ে যান। বর্তমানে চিকিৎসকের পরামর্শে সে বাড়িতে বিশ্রামে আছে।’

Share





Related News

Comments are Closed