Main Menu

পদ্মায় নৌকাডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নানি-নাতনিসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। নিখোঁজ রয়েছেন অন্তত ৮ জন। তবে আলো স্বল্পতা এবং তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ শেষ করেছে উদ্ধারকারী দলগুলো।

নিহতরা হলেন পাঁকা ইউনিয়নের রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫২) এবং তার নাতনি মায়েশা (৩) খাতুন, সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ফিটুর ছেলে আসমাউল হক (৫) ও আয়েশা খাতুন (৫)।

জানা যায়, বুধবার দুপুর পৌনে ২টার দিকে বগলাউড়ি ঘাট এলাকা থেকে পণ্য ও অতিরিক্ত যাত্রী নিয়ে একটি নৌকা দশরশিয়া ঘাটে যাবার সময় মাঝ নদীতে প্রবল স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে।

পাঁকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম বলেন, প্রশাসন তাদের কার্যক্রম বন্ধ করলেও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, নৌকাটিতে অন্তত ৪০ জন যাত্রী এবং অতিরিক্ত পণ্য ছিল। অতিরিক্ত ভার এবং প্রবল স্রোতের কারণে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং বিজিবি সস্যদের ২টি দল উদ্ধার কাজ চালিয়ে স্থানীয়দের সহায়তায় ২৫ জনকে জীবিত উদ্ধার করে।

এদিকে শিবগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, নদীতে প্রচন্ড স্রোত ও আলো স্বল্পতার জন্য উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন। তবে এখনও অন্তত ৮ জন নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় হারুন জানান, তার স্ত্রী ডেইজি ও কন্যা বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছে। তিনি সাঁতার কেটে কোনরকমে তীরে ফিরতে পারলেও তার স্ত্রী ও সন্তানের জন্য পদ্মাপাড়ে অপেক্ষার প্রহর গুনছেন।

Share





Related News

Comments are Closed