Main Menu

সিলেটে এটিএম বুথে ডাকাতি, ৪ আসামির পাঁচ দিনের রিমান্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে ব্যাংকের এটিএম বুথ লুটের ঘটনায় গ্রেপ্তার চার জনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ভুঁইয়া  তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, শামীম আহম্মেদ, নূর মোহাম্মদ, আব্দুল হালিম ও সাফি উদ্দিন জাহির।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান। তিনি জানান মামলার তদন্ত কর্মকর্তা ওসমানীনগর থানার উপ পরিদর্শক (এসআই) মিল্টন দে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করেন সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এটিএম বুথ লুটের ঘটনা দেশে বিরল উল্লেখ করে এ ঘটনার যাতে পুরাবৃত্তি না ঘটে সেজন্য ব্যাংক কর্তৃপক্ষকে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানান।

তিনি আরো বলেন, ‘ডিএমপি ডিবি কর্তৃক গ্রেফতারকৃত শামীম আহমেদ ও সিলেট জেলা ডিবি কর্তৃক গ্রেফতারকৃত সাফি উদ্দিন জাহির দীর্ঘদিন দুবাইয়ে থাকা অবস্থায় তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। একসময় দুজনই দেশে ফিরে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যায়। শেরপুরে এটিএম বুথ লুটের ঘটনাটিও শামীম ও জাহিরের পরিকল্পনাতেই বাস্তবায়িত হয়। গ্রেফতারকৃত শামীম এক সময় ওমানে থাকা অবস্থায় সেখানকার স্থানীয় ব্যাংকের এটিএম বুথ ডাকাতির ঘটনায় ৮ বছর কারাবাস করে। শেরপুরের ঘটনার পরেও সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।’

এর আগে গত ১২ সেপ্টেম্বর ভোররাত ৩টার দিকে সিলেটের ওসমানীনগর শেরপুরস্থ নতুনবাজারে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে ২৪ লক্ষ ২৫ হাজার ৫শ’ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার দৃশ্য ধারণ হয় সিসি ক্যামেরার ফুটেজে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওসমানীনগর থানায় অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা করেন।

এরপর অভিযানে নামে পুলিশ। অভিযানে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ ৮ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন, একটি ছুরি, একটি প্লায়ার্স ও মাথায় ব্যবহারের তিনটি কাপড়ের টুকরো জব্দ করা হয়েছে। ঢাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন- নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিম। গ্রেফতারের পর গতকাল বুধবার তাদেরকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অপরদিকে বুধবার সন্ধ্যায় এ ঘটনার মূল হোতা ও পরিকল্পনাকারী সাফি উদ্দিন জাহিরকে (৩৮) হবিগঞ্জ জেলার সদর থানাধীন পাঁচপাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার জাহির পাঁচপাড়িয়া গ্রামের মমতাজ উদ্দিন মাস্টারের ছেলে। তার দেওয়া তথ্য অনুসারে ঘটনায় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলের পাশ থেকে বুথের মেশিন ভাঙার শাবল উদ্ধার করে জব্দ করা হয়।

 

Share





Related News

Comments are Closed