Main Menu

ধানের আঁটি রাখাকে কেন্দ্র করে ফেঞ্চুগঞ্জে কৃষক খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নির্মমভাবে খুন হলেন এক কৃষক। হতভাগ্য এই কৃষকের নাম লিয়াকত আলী (৫৮)। তিনি সুলতানপুর গ্রামের মৃত মস্তকিন আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুরের পশ্চিমের হাওরে।

স্থানীয়রা জানান, কাটা ধান জমির সীমানা আইলে রাখাকে কেন্দ্র করে কৃষক লিয়াকত আলী ও কৃষক মাহতাব মিয়ার শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহতাব মিয়া ও তার শ্রমিকরা কাটা ধান বহনকারী বাশের বাঙ দিয়ে লিয়াকত আলীর মাথায় আঘাত করলে মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

নিহত লিয়াকত আলীর ছেলে নুরুল জানায়, মাহতাব মিয়া আমার চাচার একজন বর্গাচাষি। বৃহস্পতিবার ভোরে প্রতিদিনের মত আমাদের বাড়ির উত্তর পাশে ধানক্ষেতে যান বাবা লিয়াকত আলী। বেলা ২ টায় মাহতাব মিয়ার ধান কাটা শ্রমিক ধান কেটে আমাদের জমির সীমানা আইলে রাখছিল, এ সময় আইলে কাদা থাকায় আমার বাবা তাদেরকে ধানের মুট (আঁটি) না রাখার পরামর্শ দেন, কারণ ওই স্থান শোকালে সবার জন্য ভালো হবে এ জন্য। এ নিয়ে প্রথমে শ্রমিকদের সাথে এবং পরে মাহতাব মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহতাব মিয়া ও তার শ্রমিকরা কাটা ধান বহনকারী বাঁশের বাঙ দিয়ে লিয়াকত আলীর মাথায় আঘাত করলে মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে লিয়াকত আলীর বাড়ির লোকজন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লিয়াকত আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। ততক্ষনে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, কাটা ধানের আঁটি রাখার মত একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক লিয়াকত আলীকে খুন করা হয়। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

খবর পেয়ে সিলেটের সহকারী পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed