সিলেটে সকল বিদ্যালয়ে ফিরেছে শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা মহামারির কারণে দীর্ঘ ৫৪৩ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকালে খুলেছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রবেশ করানো হয়। দীর্ঘদিন পর আজ থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় আবারও বিদ্যালয় প্রাঙ্গণে আসতে পেরে আনন্দের কমতি নেই শিক্ষার্থীদের। তবে অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও রয়েছে কিছুটা ভয়-ভীতি।
এদিন সকাল আটটার দিকে নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় অভিভাবকেরা তাদের মেয়েদের নিয়ে স্কুলে এসেছেন। স্কুলের ফটকে হ্যান্ড স্যানিটাইজ ও তাপমাত্রা মেপে এবং নির্দিষ্ট দূরত্ব রেখে সারিবদ্ধভাবে বিদ্যালয়ের ভেতর শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। এ সময় স্কুলের গেটে কোনো জটলা দেখা যায়নি। শিক্ষার্থীদের সবাইকে মাস্ক পরতে দেখা গেছে। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফেরারদিনে স্কুলের ফটক সাজানো হয়েছে।
অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, শিক্ষার্থীরা খুবই আনন্দিত। আমরা প্রতিদিন দুটো শ্রেণি খোলা রাখছি। কিন্তু অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীরা চলে এসেছে। যদিও আমরা তাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি।
তিনি আরও বলেন, আমরা খুব আনন্দিত যে আমরা আবার আমাদের কর্মজীবনে ফেরত এসেছি। আমরা গৃহবন্দি হয়ে পড়েছিলাম। স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা প্রতি বেঞ্চে দুইজন ও পরের বেঞ্চে একজন করে শিক্ষার্থীকে বসাচ্ছি। হাত ধোয়াসহ অন্যান্য সকল স্বাস্থ্য সুরক্ষার বিধিমালা স্কুলে মানা হচ্ছে। তারপরও সবারই কমবেশি আতঙ্কে আছে, বলেন তিনি।
এদিকে আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ পাল দিপু বলেন, ‘সকাল ৯টা থেকে শুরু হয়। আজ ৩য় ও ৫ম শ্রেণীর ক্লাস হবে। শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হয়েছে।’
সিলেট স্কলার্সহোম স্কুলের শিক্ষার্থী শাদমান মোবারক মাহি জানায়, স্কুল বন্ধ থাকায় অনলাইনে ক্লাস করেছে সে। কিন্তু সেটি তেমন প্রাণবন্ত ছিল না। বিদ্যালয়ে সশরীরে এসে প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে পেরে যেন দেড় বছর আগের সেই স্বাদ ফিরে পেয়েছে সে।
এদিকে সিলেটের সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ্য বাজিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। এদিন সকাল সাড়ে আটটা থেকে স্কুলে আসতে শুরু করে শিক্ষার্থীরা। তখন বিদ্যালয়ের প্রধান ফটকে ঢোল, বাঁশি, ঝুনঝুনি বাজিয়ে শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান শিক্ষকরা। পাশাপাশি বিদ্যালয়ে প্রবেশের সাথে সকল শিক্ষার্থীর তাপমাত্রা মাপা হয় ও হাত ধোয়ানোর ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, করোনা অতিমারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। ফলে শিক্ষার্থীরা আসতে পারেনি তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে। সহপাঠীদের ছেড়ে দীর্ঘ দেড় বছর বাড়িতে কেটেছে একপ্রকার বন্দি অবস্থায়। করোনা পরিস্থিতি কিছুটা কমে আসায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে সারা দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed