‘সরকারের সঙ্গে জাতীয় পার্টির ভালো সমন্বয়ও নেই’
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী বলেছেন, ‘সরকারের সঙ্গে জাতীয় পার্টির ভালো সমন্বয়ও নেই। সমন্বয় থাকলে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক আরও ভোট পেতেন এবং এরশাদের লাঙ্গল মার্কা বিজয় লাভ করতো।’
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় পার্টির অবস্থা এখন ভালো নেই। দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই আমার এই সফর। তবে আমাকে ঘিরে দলে কোনো উপদল সৃষ্টি হবে না। এরশাদের ছেলে এরিকের ঘোষণা অনুযায়ী আমি মূল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।’
তিনি আরও বলেন, ‘সিলেটের মানুষ যেভাবে আমাকে রিসিপশন দিয়েছেন, গ্রহণ করেছেন তাতে আমি ভীষণ আবেগাপ্লুত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করতেন। আমিও যাতে এমনটা বলার জায়গায় যেতে পারি সে চেষ্টাই করছি।’
এরআগে বিদিশা শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে দুপুর ১টার দিকে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন তিনি। পরে সেখানে যোহরের নামাজ আদায় ও কোরআন শরিফ পাঠ করার পর মাজারে শিরণি বিতরণ করেন। এরপর দরগাহ গেইটস্থ একটি হোটেলে বিশ্রাম করেন এবং হোটেলে অবস্থানকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতিবিনিময় করেন। পরে বিদিশা এরশাদ হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত ও শিরনী বিতরণ করেন।
শনিবার রাত ৮টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বিদিশা।
সিলেট সফরে বিদিশার সঙ্গে রয়েছেন এরিক এরশাদ ঘোষিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদসহ কয়েজন কেন্দ্রীয় নেতা।
এদিকে, সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিকের সিলেট সফরকে কেন্দ্র করে জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
জাপা’র স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন, বিদিশা জাতীয় পার্টির কেউ নন। তিনি একটি অভিশাপ। তিনি হুসেইন মুহম্মদ এরশাদকে জীবদ্দশায় অনেক জ্বালিয়েছেন। বিদিশার ওপর অতীষ্ট হয়ে এরশাদ ২০০৬ সালে তাঁকে তালাক দেন। সেই থেকে জাতীয় পার্টির সঙ্গে বিদিশার কোনো সম্পর্ক নেই।
শনিবার বাদ জোহর হজরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদে একটি মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া ও সদস্যসচিব উসমান আলী।
তারা বলেন, শাহজালালের মাজার জিয়ারতে যে কেউ আসতে পারে। এতে কোনো বাঁধা নেই। তবে মাজার জিয়ারতের নামে সিলেটে কোনো নোংরা রাজনীতি করতে দেবেন না জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।
তারা আরও বলেন, জাতীয় পার্টি সিলেটসহ সারাদেশে ঐক্যবদ্ধ। বিদিশা মধ্যখান থেকে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির পায়তারা করছেন। আমরা সিলেট থেকে দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে আবেদন জানাবো- বিষয়টি শক্তহাতে দমন করার জন্য।
Related News
মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ ‘জনস্বার্থবিরোধী’: শফিকুর রহমান
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হলে তাRead More
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ারRead More



Comments are Closed