Main Menu

কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই চার দোকান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজারে চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে থানাবাজার টিএনটি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফলের দোকানদার মোঃ শাহজাহান জানান, রাত ১১টার দিকে দোকানপাট বন্ধ করে আমরা বাড়িতে যাই। রাত তিনটার দিকে খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখেন তার দোকানসহ পাশের তিনটি ফল, কাঁচামাল ও শুটকির দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ হয়ত শত্রুতাবশত এ কাজ করতে পারে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে অপরাধী ধরা পড়বে বলে ধারণা তাদের।

কাঁচামাল বিক্রেতা বিল্লাল মিয়া, শুটকি ও পান-সুপারি বিক্রেতা মাসুক মিয়া ও নুর উদ্দিন জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা করছেন। করোনা ও লকডাউনের কারণে তারা কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করতে পারেননি। এর মাঝেই তাদের দোকান পুড়ে গেল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, থানাবাজার টিএনটি রোডে চার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো তা তদন্তের পরই জানা যাবে।

Share





Related News

Comments are Closed