Main Menu

কুবিতে সশরীরে পরীক্ষা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তৃতীয়বারের মতো সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল করীম চৌধুরী সশরীরে পরীক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে জানান, আজ ১১টি পরীক্ষা হবে। যার মধ্যে স্নাতকের পাঁচটি ও স্নাতকোত্তরের ছয়টি পরীক্ষা রয়েছে। এখন রসায়ন বিভাগের একটা সেশনের তিনটা ভাগ হয়েছে। তাই সব মিলিয়ে সকালের শিফটে স্নাতক-স্নাতকোত্তর মিলিয়ে ছয়টি পরীক্ষা হচ্ছে। আর বিকেলে পাঁচটি হবে। দীর্ঘদিন পর পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরাও।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তাইয়্যেবুন মিমি এ বিষয়ে বলেন, ১৭ মাস দেরিতে হলেও সশরীরে পরীক্ষায় বসতে পেরেছি। এতেই আনন্দ লাগছে। সব কোর্সের ক্লাস, মাস্টার্সের গবেষণা প্রস্তাবনাসহ ইনকোর্স পরীক্ষাগুলো ইতোমধ্যে জুম ও গুগল ক্লাসরুমে স্যাররা নিয়ে নিয়েছেন। পরীক্ষা সংশ্লিষ্ট যে কোনো ব্যাপারে বিভাগীয় শিক্ষকগণের সহযোগিতাপূর্ণ আচরণের জন্য আশা রাখছি বিশ্ববিদ্যালয়ের শেষতম পরীক্ষা ভালোয় ভালোয় সম্পূর্ণ করতে পারব।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২০ ডিসেম্বর ২০২০ এবং ১৩ জুন ২০২১ থেকে দুই ধাপে বিভিন্ন বর্ষের আটকে থাকা পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে দুবারেই পরীক্ষার শুরুর পর পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এসব পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়।

Share





Related News

Comments are Closed