Main Menu

মৌলভীবাজারে নিখোঁজ সিএনজি চালকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে নিখোঁজ হওয়ার চারদিন পর ডোবা থেকে এক সিএনজি চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাউরঘড়িয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সিএনজি চালক হোসেন আহমদ (২৪) শহরের বড়হাট এলাকার রাইছ মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি ব্রক্ষমণবাড়িয়া জেলায়। পরিবার নিয়ে শহরে বসবাস করতেন ও সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। হোসেন আহমদর স্ত্রী ও ২ মেয়ে রয়েছে। তিনি কুসুমবাগ থেকে চৌমুহনা সড়কে সিএনজি চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউরঘড়িয়া গ্রামের সুলতানা দিঘীর পাড়ের ডোবায় একটি মানুষের হাত ভেসে থাকতে দেখেন গ্রামের লোকজন। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

নিহতের খালাতো ভাই সুমন বলেন, ‘আজ থেকে চারদিন আগে গত মঙ্গলবার রাতে আমার সাথে দেখা হয়। এরপর আর হোসেন আহমদ বাড়ি ফিরেনি। পরে আমরা থানায় জিডি করি। দুইদিন আগে তার মোবাইল নাম্বার থেকে একটি কল আসে যে তাকে পেতে হলে দেড় লক্ষ টাকা দিতে হবে। পরে আমরা বিকাশে পঞ্চাশ হাজার টাকা পাঠাই। আজ তার লাশ পেলাম। যে সিএনজি নিয়ে সে বের হয়েছিল, সিএনজিও নিখোঁজ।’

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, লাশের বডিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Share





Related News

Comments are Closed