Main Menu

কুলাউড়ায় পুঞ্জির ২৮০০ পান গাছ কেটে ফেলার অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার একটি খাসিয়া পুঞ্জিতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ সামাজিক বনায়নের উপকাভোগী কর্তৃক পান জুমের ২ হাজার ৮০০ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে।

গত বুধবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের বেলুয়া পুঞ্জিতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বেলুয়া পুঞ্জির হেডম্যান হেনরি তালাং ৮ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে বার বার পানের গাছ কর্তনের ঘটনায় পুঞ্জির আদিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নে সামাজিক বনায়ন নিয়ে উপকারভোগী কর্মধার বাসিন্দা রফিক মিয়া, বশির মিয়,ইসরাইল আলী গংদের সাথে স্থানীয় ডুলুছড়া পুঞ্জির বাসিন্দাদের বিরোধ চলছিলো। এরই জের ধরে ২৫ আগস্ট গভীর রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী বেলুয়া পুঞ্জির প্রায় ২৫ একর জমির পানজুমের ২ হাজার ৮০০ গাছ কেটে ফেলা হয়।

বেলুয়া পুঞ্জির পান জুমের মালিক ও ডেম্যান হেনরি তালাং এবং পারমিত চিরামসহ ক্ষতিগ্রস্ত পাঁচ পান চাষিরা জানান, রফিক মিয়া, বশির মিয়া ও ইসরাইল আলী গংরা কর্মধার সবকটি টিলায় বসবাসরত পান জুমের ভূমি সামাজিক বনায়নের দাবি করে জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। এজন্য পুঞ্জির লোকদের হুমকি দিয়ে আসছিলো তারা। প্রায় ২ সপ্তাহ আগের ডুলুছড়া পুঞ্জির বাসিন্দাদের হয়রানী ও উচ্ছেদ করা পায়তারা শুরু করে। বনায়নের চারা গাছ বিনষ্টের মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

তারা আরও জানান, আমরা পুঞ্জিবাসীরা বিষয়টি প্রতিবাদ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে বশির মিয়ারা বনায়নের নামে জুম দখলের জন্য পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে রাতের আধারে আমাদের পানজুমে হামলা চালায়। এ সময় ১৮ লক্ষাধিক টাকার ২ হাজার ৮০০ পান গাছ কেটে ফেলে তারা। পরদিন বুধবার রাতে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। আতঙ্কে আছি বনায়নের নামে আমাদের উচ্ছেদের পায়তারা করা হচ্ছে।

সামাজিক বনায়নের উপকারভোগী বশির মিয়া ও ইসরাইল মিয়ার কাছে বৃহস্পতিবার বিকেল মুঠোফোনে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, বেলুয়া পুঞ্জি বনায়ন এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরত্ব। সেখানে গিয়ে পানগাছ কাটার অভিযোগ ভিত্তিহীন।

বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক ফ্লোরা বাবলী তালাং বলেন, পূর্ব পুরুষদের থেকে আমরা পাহাড়ে বসবাস ও পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। বনবিভাগ সামাজিক বনায়ন করুক আমরাও চাই। কিন্তু বনায়নের নামে পানজুম ধ্বংস করে আদিবাসীদের উচ্ছেদের পায়তারা চালাচ্ছে একটি মহল। নিরীহ আদিবাসীদের মামলা দিয়ে হয়রানী ও হামলা বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিলেটের সাধারণ সম্পাদক আবুল করিম কিম জানান, কয়দিন পর পর এভাবে পান গাছ কেটে ফেলা হচ্ছে কিন্ত এর কোন সুরাহা হচ্ছে না। রাষ্ট্র যদি মনে করে এরা তার নাগরিক তাহলে নীরব থাকা ঠিক হবে না।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed