Main Menu

শাবি উপাচার্যের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য বলেন, বিগত দিনগুলোতে যেভাবে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এসেছি সামনেও সেভাবে কাজ করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

উপাচার্যের প্রথম দফার মেয়াদ গতকাল ২০ আগস্ট শেষ হয়। ২০১৭ সালের ১৭ আগস্ট নিয়োগ পাওয়ার পর একই বছরের ২১ আগস্ট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বপালন করছেন তিনি।

চলতি বছরের ৩০ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. নূর-ই আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে আবারও নিয়োগ দেওয়া হয় তাকে। প্রথম দফার মেয়াদ শেষ হওয়ায় তিনি আজ শনিবার থেকে দ্বিতীয় বারের জন্য আবারও দায়িত্ব গ্রহণ করেছেন।

এদিকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed