Main Menu

সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

নতুন উপাচার্য বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আইন অনুযায়ী নির্ধারিত অন্যান্য দায়িত্বও পালন করবেন।

এর আগে ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে গত দুই সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছিলেন বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। এর মধ্যেই নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারের নিয়োগের প্রজ্ঞাপন এল।

Share





Related News

Comments are Closed