Main Menu

একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জনের কলেজে ভর্তি-নির্বাচন নিশ্চিত হয়েছে। দ্বিতীয় ধাপে নতুন করে আসন বরাদ্দের পাশাপাশি আগের ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৫৬ হাজার ৮০৪ জন মাইগ্রেশনের মাধ্যমে পছন্দের কলেজে যাওয়ার সুযোগ পেয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে মোট ৮ লাখ ৮৬ হাজার ২১৫টি আবেদন জমা পড়েছে। আবেদন করার পরও ১৪ হাজার ১৪ জন শিক্ষার্থী কোনো কলেজে নির্বাচিত হয়নি। তাদের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ জন শিক্ষার্থীও রয়েছে।

ভর্তি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পছন্দক্রমে কলেজ নির্বাচন, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে আবেদনের চাপ এবং আসনসংখ্যার সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী পছন্দের কলেজে সুযোগ পাননি। বিশেষ করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের একটি অংশ পছন্দের প্রতিষ্ঠানে আসন না পাওয়ায় তাদের পরবর্তী ধাপের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

এদিকে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৪৪ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেন ৮ লাখ ৩৪ হাজার ৭১৮ জন। অর্থাৎ পাস করা শিক্ষার্থীদের বড় একটি অংশ একাদশে ভর্তির প্রক্রিয়ায় অংশ নিলেও একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেনি।

দেশের ৮ হাজার ১৮১টি কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি। এর বিপরীতে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থীর নির্বাচন নিশ্চিত হয়েছে। হিসাব অনুযায়ী, মোট আসনের প্রায় এক-তৃতীয়াংশের মতো আসনে শিক্ষার্থী নিশ্চিত হলেও বিপুলসংখ্যক আসন এখনো খালি রয়েছে।

Share





Related News

Comments are Closed