Main Menu

সিলেটে সড়ক দুর্ঘটনায় এলজিআরডির প্রকৌশলী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. মোশরাফ হোসেন (৪৪) নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় তিনি সরকারি দায়িত্বপালন শেষে বালাগঞ্জ সদরে ফেরার পথে স্থানীয় বোয়ালজুড় বাজার এলাকায় বালাগঞ্জ-তাজপুর সড়কে একটি ট্রাকের সাথে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে প্রথমে তাজপুর প্যারাডাইস হাসপাতাল এবং পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ধারণা করা হচ্ছে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা চেইনম্যান রুবেল আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

ঘটনার পর সংশ্লিষ্ট ট্রাক চালক পালিয়ে গেছে। রোববার (৮ আগস্ট) রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।

বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ নাজমুল হাসান জানিয়েছেন, ট্রাক আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে নিহত মোশারফ হোসেনের মৃতদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়ার আগে রোববার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে তার কর্মস্থল বালাগঞ্জের উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী এনামুল কবির, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী এএসএমজি কিবরিয়াসহ বিভিন্ন কর্মকর্তা শরিক হন।

বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী এএসএমজি কিবরিয়া জানান, তাদের উপ-প্রকৌশলী মোশারফ হোসেনের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীর শোকাহত।

Share





Related News

Comments are Closed